বাংলাদেশ

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি

September 14, 2026
1 month ago
By SAJ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে।

পুলিশ বলছে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে যান। সেখানে গ্রাহক ফোরামের সদস্যদের কর্মসূচি ছিল। দুই পক্ষ মুখোমুখি হলে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহক ফোরাম বলেছে, ‘যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংক লুটেরা এস আলমের অশুভ হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আজ সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।’

গ্রাহক ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কর্মসূচি শুরু হওয়ার পর আগে থেকে সেখানে থাকা অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালান। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হন বলে তাঁরা দাবি করেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।