বাংলাদেশ

মুগদায় খণ্ডিত মরদেহের পর উদ্ধার হলো মাথা

May 18, 2026
2 weeks ago
By SAJ
মুগদায় খণ্ডিত মরদেহের পর উদ্ধার হলো মাথা

রাজধানীর মুগদার মানিকনগর এলাকা থেকে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। এর আগে একই এলাকার মান্ডা থেকে মাথাবিহীন খণ্ডিত মরদেহের সাতটি অংশ উদ্ধার করা হয়েছিল। পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া মাথাটি ওই মরদেহেরই অংশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান আজ সোমবার বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ পেয়ে মানিকনগরের পাকা রাস্তার মাথায় ৭৭/এ ও ৭৭ নম্বর বাড়ির মাঝের গলি থেকে কালো পলিথিনে মোড়ানো একটি মাথা উদ্ধার করা হয়।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কালো পলিথিনের ভেতরে থাকা অর্ধগলিত মাথাটিতে পোকা ছিল। মাথার সামনের বাঁ পাশ ও ডান পাশে গভীর কাটা দাগ দেখা গেছে। পেছনের অংশে কালো চুল থাকলেও মুখমণ্ডলের সামনের অংশ বোঝার মতো অবস্থায় ছিল না।

আইনি প্রক্রিয়া শেষে মাথাটি ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বিকেলে মুগদার মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অর্ধগলিত সাতটি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন মরদেহের মাথা পাওয়া যায়নি। স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহের অংশগুলো উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর শরীর টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে রেখে গেছে।