জীবনযাপন

মুরগির মাংস টাটকা না বাসি, কীভাবে বুঝবেন

April 17, 2026
16 hours ago
By SAJ
মুরগির মাংস টাটকা না বাসি, কীভাবে বুঝবেন

মাংস নিরাপদ আছে কি না, তা এর রং, ঘ্রাণ এবং অন্যান্য বৈশিষ্ট্য থেকে নিশ্চিত হয়ে নেওয়া সম্ভব। মাংস নিরাপদ মনে না হলে তা আর খাবেন না বা কাউকে খেতে দেবেন না। কাঁচা মাংস বহন ও রান্নার সময়ও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এ বিষয়ে জানালেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার।

টাটকা মুরগির মাংসের রং হালকা গোলাপি হয়ে থাকে। বাসি মাংস অনেকটাই মলিন দেখায়। মাংসে ধূসর, হলুদ বা সবুজ–জাতীয় রং দেখা গেলে ফেলে দিন। মাংসে জীবাণু জন্মে থাকলে মাংসের রঙে এ ধরনের পরিবর্তন আসে।

টাটকা মাংস আপনি ঘ্রাণেও চিনতে পারবেন। টাটকা মাংসের তেমন কোনো ঘ্রাণ থাকে না। থাকলেও তা স্বাভাবিক হালকা ধরনের ঘ্রাণ; কিন্তু বাসি মাংসের ঘ্রাণটা ভালো হয় না। জীবাণু জন্মালে মাংসে দুর্গন্ধ হতে পারে, তা থেকে টক–জাতীয় ঘ্রাণও পেতে পারেন।

মাংসে জীবাণু জন্মালে তা অনেক পিচ্ছিল কিংবা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। মাংসের কোনো অংশে আঙুল দিয়ে চাপ দিলে ওই জায়গা দেবে যেতে পারে। জীবাণুর কারণে আঠালো ভাবও চলে আসতে পারে মাংসে।

কেবল নিরাপদ মাংস বাছাই করলেই হবে না; বরং সেটির পানি বা রস যাতে এদিক–সেদিক ছড়িয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বাজার বা সুপারশপে মাংস নেওয়ার পর তা আপনার ব্যাগ বা কার্টে ঢোকানোর আগে ভালোভাবে মুড়িয়ে নিন।ব্যাগ বা কার্টের একেবারে নিচের অংশে রাখুন মাংস, যাতে অন্য কোনো খাদ্যসামগ্রীতে মাংসের রস গড়িয়ে না পড়ে। মাংস বহন করার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করা ভালো। ফ্রিজে সংরক্ষণের সময় মাংস আলাদা এয়ারটাইট (বায়ুরোধী) বক্স কিংবা জিপলক ব্যাগে রাখা উচিত। খেয়াল রাখতে হবে, ফ্রিজের অন্যান্য খাবারেও যেন মাংসের রস লেগে না যায়।বিদ্যুৎ–বিভ্রাটে ফ্রিজে সংরক্ষিত খাবার সহজে নষ্ট হয়ে যেতে পারে। লোডশেডিং হলে সেই সময় ফ্রিজের দরজা যতটা সম্ভব কম খোলা উচিত।

কাঁচা মাংসের থেকে অন্যান্য খাদ্য উপকরণ আলাদা রাখুন।

রান্নার আগে মাংস ধুতে তাতে আস্তে আস্তে পানি ঢালুন। খেয়াল রাখুন, যাতে মাংস থেকে পানি এদিক–সেদিক ছিটে না যায়।

কাঁচা মাংস কাটার পর ওই ছুরি বা বঁটি গরম পানি এবং সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেবেন। কাঁচা মাংস যেখানে কাটা বা ধোয়া হবে এবং যেসব জায়গায় মাংসের পানি পড়বে, সেই সব জায়গাও একইভাবে পরিষ্কার করে নিতে হবে।

কাঁচা মাংস স্পর্শ করার আগে এবং পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন।

মাংস অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নেবেন। আধা সেদ্ধ পদ এড়িয়ে চলাই ভালো।