বিনোদন

‘নগ্ন দৃশ্যে অভিনয় না করলে কাজ হারানোর ভয় ছিল’

June 3, 2026
2 days ago
By SAJ
‘নগ্ন দৃশ্যে অভিনয় না করলে কাজ হারানোর ভয় ছিল’

এইচবিওর বহুল আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ তারকা অ্যালেক্সা ডেমি সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তরুণ বয়সে অন্তরঙ্গ বা নগ্ন দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানালে চরিত্রটি হারাতে পারেন—এমন ভয় তাঁর মধ্যে কাজ করত। দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমি বলেন, অভিনয়জীবনের শুরুতে তিনি মনে করতেন, এমন দৃশ্যে অংশ না নিলে হয়তো তাঁকে আর সেই চরিত্রে রাখা হবে না।

‘আমার মনে হতো, যদি আমি এসব দৃশ্যে অভিনয় করতে রাজি না হই, তাহলে হয়তো চরিত্রটাই পাব না। কেউ আমাকে কখনো এমন কথা বলেনি, কিন্তু তখন আমি খুবই তরুণ ছিলাম, অনেক কিছুই জানতাম না,’ বলেন তিনি।

প্রথম মৌসুমেই অস্বস্তি

‘ইউফোরিয়া’তে অ্যালেক্সা ডেমি অভিনয় করেছেন ম্যাডি পেরেজ চরিত্রে। তিনটি মৌসুমজুড়েই তাঁর চরিত্রটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।ডেমি স্মরণ করেন, প্রথম মৌসুমে একটি মন্তাজ দৃশ্যের শুটিংয়ের সময় তিনি প্রথম বুঝতে পারেন যে কিছু দৃশ্যে তিনি স্বস্তি বোধ করছেন না। সেই দৃশ্যে ম্যাডিকে তার প্রেমিক নেট জ্যাকবসের সঙ্গে প্রতারণা করতে দেখা যায়।

ডেমি বলেন, ‘আমি এটা বলছি না যে আমি যৌনতা পছন্দ করি না। বরং আমার মনে হয়, এটি খুব সুন্দরভাবেও পর্দায় উপস্থাপন করা যায়। কিন্তু ওই দৃশ্যগুলো করার পর আমি বুঝলাম, আমি আসলে এতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না।’

কথা বলতেই বদলে গেল পরিস্থিতিঅস্বস্তি অনুভব করার পর ডেমি বিষয়টি নির্মাতাদের জানান। আর তখনই তাঁর ভয় দূর হয়ে যায়। ‘আমি যখন বিষয়টি বললাম, সবাই খুব সহানুভূতিশীল আচরণ করেছিল। কেউ আমাকে চাপ দেয়নি। এর পর থেকে আমাকে আর এমন কিছু করতে হয়নি,’ বলেন ডেমি।

এই অভিজ্ঞতা ডেমিকে শিখিয়েছে যে একজন অভিনেতা বা অভিনেত্রীর নিজের সীমারেখা নির্ধারণ করার অধিকার রয়েছে এবং সেটি সম্মান করা উচিত।

‘ইউফোরিয়া’ আবারও বিতর্কেঅ্যালেক্সা ডেমির এই মন্তব্য এমন এক সময় সামনে এল, যখন ‘ইউফোরিয়া’র তৃতীয় মৌসুমের খোলামেলা যৌন দৃশ্যগুলো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।বিশেষ করে সিডনি সুইনির চরিত্র ক্যাসি চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কারণ, সিরিজটিতে দেখা যায় ক্যাসি চরিত্রটি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করে।

সম্প্রতি সিডনি সুইনিও সিরিজটির সমালোচনার জবাব দিয়ে পর্দার পেছনের কিছু ছবি প্রকাশ করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এর নাম অভিনয়।’