জীবনযাপন

নিজের জন্মদিনে যাঁরা বাড়তি আয়োজন পছন্দ করেন না, তাঁরা মানুষ হিসেবে কেমন

December 29, 2025
9 months ago
By SAJ
নিজের জন্মদিনে যাঁরা বাড়তি আয়োজন পছন্দ করেন না, তাঁরা মানুষ হিসেবে কেমন

জন্মদিন মানেই বাড়তি নজর; সবাই তাকিয়ে আছে আপনার দিকে, কেকের ওপরও আপনার নাম লেখা। যাঁরা জন্মদিন এড়িয়ে চলেন, তাঁদের অনেকেই জীবনের অন্য ক্ষেত্রেও অতিরিক্ত মনোযোগ পছন্দ করেন না। এর মানে তাঁরা মুখচোরা, লাজুক বা অন্তর্মুখী নন। তাঁদের অনেকেই আত্মবিশ্বাসী, কিন্তু সবার দৃষ্টি নিজের ওপর পড়লে সেটা থেকে আনন্দ পান না।

এসব ব্যক্তির কাছে সম্পর্ক মানে বছরে এক দিন বড় আয়োজন নয়। বরং সারা বছরের ছোট ছোট যত্ন; খোঁজখবর নেওয়া, পাশে থাকা, কথা মনে রাখা—এসবই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

কেউ কেউ মনে করেন, জন্মদিন তো প্রতিবছরই আসে, এ নিয়ে এত আয়োজনের দরকার কী? এই মনোভাব সাধারণত বাস্তবমুখী চিন্তার সঙ্গে যুক্ত। তাঁরা উৎসব একেবারে অপছন্দ করেন না, তবে সেটাকে ‘অবশ্যই করতে হবে’—এমন নিয়মও মানেন না।

জন্মদিন মানেই প্রশংসার বন্যা—আপনি কত ভালো, কত প্রিয়। অনেকের কাছে এটা ভালো লাগলেও কেউ কেউ এতে অস্বস্তি বোধ করেন। তাঁরা সাধারণত নিঃশব্দ কৃতজ্ঞতা বা ব্যক্তিগতভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেশি পছন্দ করেন।

কারও জন্মদিন আপনি হঠাৎ অনেক দেরিতে জানতে পারলেন, এমন হলে অবাক হওয়ার কিছু নেই। এ ধরনের ব্যক্তিরা ব্যক্তিগত তথ্য কাকে জানাবেন, সেটা সচেতনভাবে বেছে নেন।

সবার জন্য জন্মদিন আনন্দের নয়। অনেকের কাছে এটা সময় চলে যাওয়ার কথা মনে করিয়ে দেয়—কী করা হলো, কী করা হলো না। বিশেষ করে সমাজের চাপ; এই বয়সে এটা করা উচিত ছিল—এই ভাবনাও জন্মদিন এড়িয়ে চলার কারণ হতে পারে।

কেক কাটা, উপহার খোলা—সবকিছু অনেক সময় ‘স্ক্রিপ্টেড’ লাগে অনেকের কাছে। জন্মদিন কম গুরুত্ব দেওয়া ব্যক্তিরা সাধারণত ছোট পরিসরে আন্তরিক সময় কাটাতেই বেশি পছন্দ করেন।

মজার ব্যাপার হলো, নিজের জন্মদিন গুরুত্ব না দিলেও তাঁরা অন্যের জন্মদিন ভুলে যান না। তবে বড় আয়োজন নয়; একটা আন্তরিক বার্তা ও উপহারেই তাঁদের যত্ন প্রকাশ পায়।

‘সবাই করে’—এই যুক্তিতে তাঁরা কিছু করতে রাজি নন। জন্মদিন নিয়ে তাঁদের সিদ্ধান্তটা আসে ভেতরের বোধ থেকে, বাইরের প্রত্যাশা থেকে নয়।

জন্মদিনের মতো চাকরিতে পদোন্নতি, ব্যক্তিগত সাফল্য—এসবও তাঁরা খুব চুপচাপ উদ্‌যাপন করেন। নিজের সন্তুষ্টিই তাঁদের কাছে যথেষ্ট।

বছরে এক দিন সবাই তাঁদের ঘিরে না ধরলেও তাঁরা নিজেদের ভেতর থেকেই আনন্দ আর তৃপ্তি খুঁজে নিতে পারেন।

জন্মদিন এড়িয়ে চলা মানেই আনন্দবিমুখ হওয়া নয়, বরং তাঁরা চান আনন্দটা স্বাভাবিকভাবে আসুক, ঢাকঢোল পিটিয়ে নয়।

কেউ কেউ নিজের জন্মদিন উদ্‌যাপন এড়িয়ে যান। কারণ, তাঁরা গ্রহণের চেয়ে দেওয়ার জায়গায় বেশি স্বস্তি পান। কাছের মানুষের জন্য আয়োজন করা, খুশি করা—এসবেই তাঁরা বেশি তৃপ্তি পান।

নিজের দিকে নজর এলে কথা ঘুরিয়ে অন্যকে টেনে আনার একটা দক্ষতা তাঁদের থাকে। এতে দলগত পরিবেশও থাকে আরামদায়ক।

জন্মদিন উদ্‌যাপনে কোনটা ঠিক, কোনটা ঠিক নয়—এমন কোনো নিয়ম নেই। নিজের জন্মদিন আড়ম্বরের সঙ্গে উদ্‌যাপনেও কোনো বাধা নেই। কেউ বড় পার্টিতে আনন্দ পান, কেউ আবার নীরবতায়।

তবে যাঁরা নিজের জন্মদিন নীরবেই পালন করতে চান, তাঁরা যে ‘রামগড়ুরের ছানা’, ‘অসামাজিক’ কিংবা ‘সিরিয়াস’—এমনটা ভাবার কারণ নেই। অনেক সময় তাঁরা শুধু আনন্দের সংজ্ঞাটাই একটু আলাদা করে নিয়েছেন।

কারও কাছে এক দিনের উৎসবের চেয়ে সারা বছরের ছোট ছোট মুহূর্তই বেশি অর্থবহ। আর সেটাও জীবনেরই আরেক রকম উদ্‌যাপন।

সূত্র: এক্সপার্ট এডিটর