বাংলাদেশ

অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম

September 29, 2026
2 weeks ago
By SAJ
অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’।

বিবৃতিতে রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আকাশপথে কয়েকটি চালানে (ফ্লাইট) এই জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহপ্রক্রিয়া পুরোপুরি শেষ হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়। সে সময় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির ‘গ্র্যাজুয়েশন’ সনদ হস্তান্তর করা হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রোসাটমের প্রকৌশল শাখা।