বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

April 22, 2026
4 months ago
By SAJ
অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেসকোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য, ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বাংলাদেশে নিযুক্ত ইউনেসকোর প্রতিনিধি সুসান ভাইজ আজ বুধবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ সহযোগিতা চান।

সাক্ষাৎকালে ইউনেসকোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে তথ্যমন্ত্রীকে বিস্তারিত জানান। সুসান ভাইজ গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা ও বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য-অপতথ্য রোধে ইউনেসকোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন।

সুসান ভাইজ জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফ্যাক্টচেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর ইউনেসকো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর এ উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেসকোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

ডিজিটাল যুগে তথ্যের অধিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইউনেসকোর দক্ষতা-অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন।

ইউনেসকো প্রতিনিধি এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।