আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় খবর প্রকাশের জন্য অর্থ না দিলে মেটা, গুগল, টিকটকের ওপর কোটি কোটি ডলারের কর

August 21, 2026
5 hours ago
By SAJ
অস্ট্রেলিয়ায় খবর প্রকাশের জন্য অর্থ না দিলে মেটা, গুগল, টিকটকের ওপর কোটি কোটি ডলারের কর

অস্ট্রেলিয়া গতকাল বৃহস্পতিবার এমন একটি আইন পাস করেছে, যার ফলে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে কোটি কোটি ডলার কর দিতে হবে। এসব কোম্পানির প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদমাধ্যমের খবর প্রকাশের বিনিময়ে তাদের এ অর্থ দিতে হবে।

‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ নামের এ ব্যবস্থায় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের বিজ্ঞাপন আয়ের ২ দশমিক ৫ শতাংশ কর হিসেবে দিতে হবে, যদি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে তারা চুক্তি না করে।

এ ব্যবস্থায় আদায় করা অর্থ অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে দেওয়া হবে। এসব সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ প্রযুক্তি কোম্পানিগুলোর প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ও বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে ভূমিকা রাখে।

এ কর আরোপ করা হবে মেটা, অ্যালফাবেটের গুগল, টিকটক ও মাইক্রোসফটের লিংকডইনের ওপর। অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সার্চ সেবা পরিচালনা করে এবং স্থানীয়ভাবে ২৫ কোটি অস্ট্রেলীয় ডলারের (১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) বেশি বিজ্ঞাপন আয় করে—এমন কোম্পানিগুলো এ ব্যবস্থার আওতায় পড়বে।

তবে প্ল্যাটফর্মগুলো অন্তত আটটি ভিন্ন সংবাদ প্রকাশকের সঙ্গে চুক্তি করলে এ কর এড়াতে পারবে। তাদের হিসাব-নিকাশের সময়কাল (নির্দিষ্ট আর্থিক বছর) শেষ হওয়ার আগে এসব চুক্তি করতে হবে। চুক্তির আওতায় দেওয়া অর্থ–সংশ্লিষ্ট কোম্পানির করের দায় থেকে সমন্বয় করা হবে।

আইনে বলা হয়েছে, এসব চুক্তির মাধ্যমে সংবাদ তৈরির কার্যক্রমে সহায়তা করতে হবে অথবা প্রকাশক প্রতিষ্ঠানের তৈরি সংবাদ সেই প্রযুক্তি প্ল্যাটফর্মের অনলাইনে প্রকাশের সঙ্গে চুক্তির সম্পর্ক থাকতে হবে।

বড় বড় সংবাদ প্রকাশকের সঙ্গে করা চুক্তির ক্ষেত্রে ১৫০ শতাংশ এবং ছোট ও মাঝারি মাধ্যমের সঙ্গে চুক্তির ক্ষেত্রে ২০০ শতাংশ পর্যন্ত কর রেয়াতের সুযোগ রাখা হয়েছে।

তবে কোনো একক চুক্তির ক্ষেত্রে এ ছাড়ের পরিমাণ একটি প্ল্যাটফর্মের মোট কর দায়ের ২৫ শতাংশের বেশি হবে না।

নতুন ব্যবস্থা প্রসঙ্গে অস্ট্রেলিয়া সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আইনটি এখন কার্যকর হয়েছে ও প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর কাছে বাণিজ্যিক চুক্তি করার বার্তাও পরিষ্কার। কোনো ডিজিটাল প্ল্যাটফর্মকে তাদের আর্থিক বছরের হিসাব শেষ হওয়ার আগেই চুক্তি চূড়ান্ত করতে হবে, যাতে সেই সময়ে কর রেয়াতের সুবিধা নেওয়া যায়।’

সরকার আরও বলেছে, ‘অস্ট্রেলিয়ার সংবাদ ব্যবসা ও অস্ট্রেলীয় সাংবাদিকতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন।’

সংবাদমাধ্যমের সঙ্গে দর-কষাকষির এ প্রণোদনা আইন পাসের এক দিন আগে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট জুয়া বা বাজির বিজ্ঞাপন সীমিত করার আইন পাস করেছে।