আন্তর্জাতিক

পারিবারিক কলহে স্ত্রীসহ চার স্বজনকে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন

January 24, 2026
2 months ago
By SAJ
পারিবারিক কলহে স্ত্রীসহ চার স্বজনকে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে গতকাল শুক্রবার ভোরে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী বিজয় কুমার তাঁর স্ত্রী এবং আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। ঘটনার সময় ঘরে তিনটি শিশু উপস্থিত ছিল।

শুক্রবার রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে ব্রুক আইভি কোর্ট এলাকার ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে। সবার শরীরেই গুলির আঘাত ছিল।

নিহত ব্যক্তিরা হলেন বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। তাঁদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তিনি সরাসরি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট।

স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানায়, গুলি শুরু হলে ঘরে থাকা তিনটি শিশু নিজেদের বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে একজন বুদ্ধি করে ৯১১-এ (জরুরি সেবা) কল দেয়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুরা সবাই অক্ষত আছে। বর্তমানে তারা এক আত্মীয়ের হেফাজতে রয়েছে।

গুলির ঘটনায় অভিযুক্ত বিজয় কুমারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফোর কাউন্টস অব মার্ডার (হত্যা) এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুরুতর হামলার চারটি অভিযোগ, গুরুতর অপরাধ করতে গিয়ে হত্যার চারটি অভিযোগ, ইচ্ছাকৃত হত্যার চারটি অভিযোগ, শিশু নির্যাতনের প্রথম মাত্রার একটি অভিযোগ এবং শিশু নির্যাতনের তৃতীয় মাত্রার দুটি অভিযোগ আনা হয়েছে।

আটলান্টায় অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, শোকসন্তপ্ত পরিবারটিকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।