পিএসএল থেকে ফিরছেন রানা-মোস্তাফিজরা, ওয়ানডে সিরিজের দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। ঘরের মাঠে তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজটি ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য পিএসএলের মাঝপথে ফিরতে হচ্ছে বাংলাদেশের ৫ ক্রিকেটারকে। তাঁরা হলেন— তানজিদ হাসান, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসি দেওয়া ছিল। এই ৫ ক্রিকেটারের বাইরে পিএসএলে থাকা পারভেজ হোসেন ওয়ানডেতে সুযোগ পাননি।
তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। এরপর দুই দল একটি তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলবে।
মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা