বাংলাদেশ

পল্লবীতে নিহত শিশুটির বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

May 21, 2026
2 months ago
By SAJ
পল্লবীতে নিহত শিশুটির বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশুকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সকালে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর ফুসলিয়ে তাকে পাশের ফ্ল্যাটে নিয়ে হত্যা করা হয়। পরে ওই ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুজনসহ অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তিকে আসামি করে শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন তার বাবা।

সোহেল রানা গতকাল ঢাকার আদালতে এ ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।