বাংলাদেশ

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

January 13, 2026
7 months ago
By SAJ
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, আজ এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক থাকায় সেই সুযোগ পাননি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ২ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছেন। মামলায় ৩১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত। মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই আসামিসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন আফনান জান্নাত।

মামলার অন্য আসামিরা হলেন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তী সময়ে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।