বাংলাদেশ

পল্টনে সিআইডির ডরমিটরি থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

December 10, 2025
5 months ago
By SAJ
পল্টনে সিআইডির ডরমিটরি থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরি থেকে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আফতাব উদ্দিন রিগান (৩৭)। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান প্রথম আলোকে বলেন, আজ বুধবার সকালে আফতাব উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আফতাব উদ্দিন এক মাস ধরে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরিতে ছিলেন। তিনি প্রশিক্ষণের জন্য সেখানে আসেন। আফতাব আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি ৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআইয়ের ট্রেনিং শেষে ২০১৭ সালে পুলিশে যোগ দেন। আফতাবের বাড়ি মৌলভীবাজার জেলায়।