বিনোদন

পরীক্ষার দুই দিন আগেও শুটিং! ‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির ফলাফল কী

August 10, 2026
1 week ago
By SAJ
পরীক্ষার দুই দিন আগেও শুটিং! ‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির ফলাফল কী

অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এসএসসি পরীক্ষায় জিপিএ–৪ পেয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’ অভিনেত্রী ইসরাত তিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন তিথি। তবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসে ইসরাত। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নেয়। টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয় সে।

তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। ইসরাতের মেজ বোন সাফিনা সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।

এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছে ইসরাত। টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল। শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করত হতো ওকে।’

ফল প্রকাশের পর ফেসবুকে ইসরাত লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’