আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আলোচিত প্রার্থীরা কে কোথায় এগিয়ে

May 4, 2026
3 months ago
By SAJ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আলোচিত প্রার্থীরা কে কোথায় এগিয়ে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, বেলা সোয়া ১১টায় (ভারতীয় সময়) এ প্রতিবেদন লেখার সময় বিজেপি ১২১ আসনে এগিয়ে ছিল। আর ৭২ আসনে এগিয়ে ছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

মোট ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ৯২৬ জন প্রার্থী, যাঁদের মধ্যে ৩৮৭ জন নারী। সকাল আটটা থেকে রাজ্যের ২৩ জেলায় ৭৭টি গণনা কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোট গণনা। আর এই গণনার মধ্য দিয়েই আজ চূড়ান্ত হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের একঝাঁক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য।

সবচেয়ে বেশি আলোচিত লড়াইটি হচ্ছে ভবানীপুরে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিরোধীদলীয় নেতা বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এই আসনের ফলাফলের দিকেই সবচেয়ে বেশি নজর থাকবে রাজনৈতিক মহলের। দেখা যাচ্ছে, এই আসনে শুভেন্দু অধিকারী সামান্য ভোটে এগিয়ে আছেন। আর শুভেন্দু তাঁর নন্দীগ্রাম আসনে অনেক ব্যবধানে এগিয়ে আছেন।

তৃণমূলের তারকা প্রার্থীরা

তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম, তিনি এগিয়ে আছেন। চৌরঙ্গী থেকে নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে, বেলেঘাটা থেকে তৃণমূলের কুণাল ঘোষ এগিয়ে এবং শ্যামপুকুর থেকে শশী পাঁজা পিছিয়ে আছেন। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আসনে রত্না চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন।

উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর, মধ্যমগ্রামে রথীন ঘোষ, গাইঘাটায় নরোত্তম বিশ্বাস, বাদুরিয়ায় বুরহানুল মোয়াদ্দিম এবং হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক এগিয়ে আছেন।

বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, পানিহাটিতে নির্যাতিতার মা, কলকাতার মানিকতলায় তাপস রায়, বরানগরে সজল ঘোষ, খড়গপুরে দীলিপ ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, নোয়াপাড়ায় অর্জুন সিং এগিয়ে আছেন। রাসবিহারী থেকে বিজেপির প্রার্থী সাংবাদিক স্বপন দাশগুপ্ত এগিয়ে আছেন।

বামফ্রন্টের তারকা প্রার্থীরা

বামফ্রন্টের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি পিছিয়ে আছেন অনেক ভোট। উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, বরাহনগরে সায়নদ্বীপ মিত্র, কামারহাটিতে মানস মুখোপাধ্যায় এবং দমদম উত্তরে দীপ্সিতা ধর পিছিয়ে আছেন।

কংগ্রেস ও আইএসএফ

কংগ্রেসের পক্ষে লড়াইয়ে রয়েছেন অধীর চৌধুরী। তিনি কোনো গণনায় এগিয়ে থাকছেন, এমন দেখা যাচ্ছে না। মৌসুম বেনজীর নূরও পিছিয়ে আছেন।

আলোচিত প্রার্থী হুমায়ুন কবীর রেজিনগর ও নওদা দুটো আসনেই এগিয়ে আছেন। ভাঙর আসনে নওশাদ পিছিয়ে পড়েছেন।