বাংলাদেশ

রাজশাহীতে তারেক রহমানের সফর এক দিন পেছাল, বৃহস্পতিবার সমাবেশ

January 25, 2026
8 months ago
By SAJ
রাজশাহীতে তারেক রহমানের সফর এক দিন পেছাল, বৃহস্পতিবার সমাবেশ

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। এর আগে সমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছিল ২৮ জানুয়ারি (বুধবার)। ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ পেছাতে হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু)।

নতুন সূচি অনুযায়ী, তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ উপস্থিত থাকবেন।

গত শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় তারেক রহমানের এ সমাবেশ হবে সর্বকালের বৃহৎ ও ঐতিহাসিক।

মিজানুর রহমান বলেন, দুপুরের দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাঁকে অবহিত করেন। তিনি আরও বলেন, অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখটি পেছানো হয়েছে।