বাংলাদেশ

রিয়াদের পর এবার দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করল বিমান

October 13, 2026
4 days ago
By SAJ
রিয়াদের পর এবার দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করল বিমান

সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইটের পর এবার দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান। সোমবার দেওয়া ওই ঘোষণায় দাম্মামগামী ফ্লাইট স্থগিতের কথা ছিল না।

জরুরি প্রয়োজনে যাত্রীদের সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরার জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

রিয়াদে বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা থেকে দেশটিতে যাতায়াতকারী যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। এর আগে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মঙ্গলবার দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনের এখন পর্যন্ত ৮২টি ফ্লাইটে প্রভাব পড়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট স্থগিত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ১৩ হাজার ৭১ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে এ হিসাবের মধ্যে রিয়াদ এয়ারওয়েজের যাত্রীর সংখ্যা অন্তর্ভুক্ত হয়নি।

বেবিচকের তথ্য অনুযায়ী, ৮২টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ৩২টি। বাকি ৫০টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত কয়েক দিনে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে একের পর এক হামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে গত শনিবার। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। আহত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। এরপর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল হতে থাকে।