অর্থনীতি

ঋণখেলাপি মামলায় কারাগারে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান

October 17, 2026
10 hours ago
By SAJ
ঋণখেলাপি মামলায় কারাগারে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান

শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে ৩৫ কোটি টাকা ঋণখেলাপি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ অক্টোবর গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গুলশান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণখেলাপি মামলায় তাঁকে আটক করেছে গুলশান থানার পুলিশ। এরপর সাজ্জাতুজ জুম্মাকে জেলে পাঠানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

এতে জানানো হয়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা থেকে ‘দেশ ল্যান্ডমার্ক লিমিটেড’-এর নামে ঋণ নিয়েছিলেন। পরবর্তী সময়ে ঋণটি খেলাপিতে পরিণত হলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাঁর নামে অর্থঋণ আদালতে মামলা করে। মামলা নম্বর ৪৯৯১৪। এই মামলায় আদালত তাঁকে ১ বছর কারাদণ্ড এবং ৩ কোটি টাকা জরিমানা করেন। ২০২৫ সালে গোয়েন্দা ও থানা-পুলিশের যৌথ অভিযানে সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করা হলে শর্ত সাপেক্ষে তিনি জামিন পান। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করা ও জামিনের শর্তসমূহ যথাযথভাবে পূরণ না করায় তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। ব্যাংক সূত্র জানায়, দেশ ল্যান্ডমার্ক লিমিটেডের নামে বিতরণ করা এই ঋণের বর্তমান স্থিতি প্রায় ৩৫ কোটি টাকা।

দেশের ৫টি ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এর মধ্যে একটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটি খেলাপি ঋণ আদায়ে উদ্যোগ নিয়েছে।