খেলা

রশিদকে সরিয়ে পাকিস্তানের আবরার এখন এক নম্বর বোলার

September 23, 2026
3 weeks ago
By SAJ
রশিদকে সরিয়ে পাকিস্তানের আবরার এখন এক নম্বর বোলার

প্রথমবারের মতো আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন আবরার আহমেদ। পাকিস্তানের এই লেগ স্পিনার টপকে গেছেন আরেক লেগ স্পিনার রশিদ খানকে। আফগানিস্তানের রশিদ এখন আছেন দুইয়ে।

টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি, ভারতের ঈশান কিষাণই আছেন এক নম্বরে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করে পাঁচ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।

আবরার রশিদকে পেছনে ফেলেছেন ১ রেটিং পয়েন্টে। আবরারের রেটিং পয়েন্ট এখন ৭৩৬, তাঁর ক্যারিয়ার–সেরা রেটিং অবশ্য এর চেয়ে বেশি—৭৫৭। সর্বশেষ ভারত সিরিজে রশিদ তাঁর মান অনুসারে পারফর্ম করতে পারেননি। তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন, তবে ওভারপ্রতি খরচ করেছেন ৯.৮২ রান করে।

সে কারণেই না খেলেও এক নম্বরে উঠে গেছেন আবরার। পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন আবরার। এর আগে পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি।

মজার ব্যাপার হলো, আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার বোলারই লেগ স্পিনার। আবরার ও রশিদের পরই আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও ইংল্যান্ডের আদিল রশিদ। বোলিং র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের জেমি ওভারটন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাঁচ উইকেট নিয়ে ৪৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ষষ্ঠ স্থানে উঠেছেন তিনি।

বোলারদের তালিকায় বাংলাদেশের সর্বোচ্চ স্থানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ১২তম স্থানে আছেন তিনি।

ব্যাটসম্যানদের তালিকায় ব্রুকের সঙ্গে ইংল্যান্ডের জস বাটলারেরও দুই ধাপ উন্নতি হয়েছে। তিনি আছেন পাঁচ নম্বরে। বাটলারই ছিলেন এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক, ১৭২। ব্রুক করেছিলেন ১৭০ রান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন তানজিদ হাসান, এই বাঁহাতি ওপেনার আছেন ১৭ নম্বরে।