বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত, উদ্ধারকাজ স্থগিত

March 18, 2026
1 month ago
By SAJ
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত, উদ্ধারকাজ স্থগিত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. সোহেল (২২)। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ।

পুলিশ জানায়, আজ বিকেলে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ নামে একটি লঞ্চ ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় লঞ্চটিকে ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ নামে একটি লঞ্চ ধাক্কা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের সামনের অংশের আঘাতে ‘আসা যাওয়া–৫’ লঞ্চের দুজন যাত্রী পিষ্ট হন। এর মধ্যে একজনকে পানিতে পড়ে যেতে দেখা গেছে। অন্যজনকে ‘আসা যাওয়া–৫’–এর বাইরের অংশে পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার ফজলুল হক প্রথম আলোকে বলেন, একজনের লাশ হাসপাতালে পাওয়া গেছে। তাঁর নাম সোহেল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর শ্বশুর মিরাজ ফকির নিখোঁজ রয়েছেন এবং শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শিহাব সরকার রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, লঞ্চ দুর্ঘটনার পর কেউ নিখোঁজ আছেন কি না, তা খুঁজে দেখতে আজ বিকেলে দুজন ডুবুরি নদীতে নামেন; কিন্তু কাউকে পাওয়া যায়নি। রাত হওয়ায় আপাতত উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকালে আবার খুঁজে দেখার কাজ শুরু হবে।