শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, উপহার দিলেন খেলার সামগ্রী
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কলেজের সামনে থামে। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী উপহার তুলে দেন এবং সেলফি তোলেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেখে বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরে তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
এরপর বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর আগমন ঘিরে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাঁকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে জড়ো হন। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় হাত নেড়ে শুভেচ্ছা জানায় উপস্থিত জনতা।
রংপুরের ঐহিত্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে তিনি রাজশাহী গিয়ে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বেলা ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।
এরপর বিকেলে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান।