বাংলাদেশ

সিলিন্ডারের গায়ে লেখা ‘ডু নট ইউজ আফটার ২০২১’

September 21, 2026
3 weeks ago
By SAJ
সিলিন্ডারের গায়ে লেখা ‘ডু নট ইউজ আফটার ২০২১’

সাভারের আশুলিয়ার জামগড়ায় রানা হোটেল নামের একটি খাবারের দোকানের টিনের চালা ভেদ করে নিচে পড়ে আছে একটি সিলিন্ডার। আজ সোমবার বেলা দুইটার দিকে উৎসুক লোকজন সিলিন্ডারটি দেখছিলেন। সিলিন্ডারের গায়ে ইংরেজিতে লেখা ‘অ্যাপ্রোভড পিআরডি সিএনজি অনলি ডু নট ইউজ আফটার ২০২১’।

গতকাল রোববার রাতে জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। ওই সময় সিলিন্ডারটি উড়ে গিয়ে সেখানে পড়ে বলে জানান দোকানের মালিক।

সিলিন্ডারের গায়ে থাকা তথ্য অনুসারে পাঁচ বছর আগে এটির মেয়াদ শেষ হয়ে গেছে। অন্যদিকে ‘অ্যাপ্রোভড পিআরডি’ (প্রেশার রিলিফ ডিভাইস) মানে সিলিন্ডারের ভেতরের চাপ বা তাপমাত্রা নিয়ন্ত্রণের নিরাপত্তাব্যবস্থাও সংশ্লিষ্ট মান নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক যাচাইকৃত ও অনুমোদিত।

ঘটনার বর্ণনা দিয়ে রানা হোটেলের মালিক মো. হালিম বলেন, ‘বিকট একটা শব্দ হইলো। এরপর দেখি ধোঁয়া। দুই চোখে কিছু দেখার মতো অবস্থা নাই। একটা সিলিন্ডার আমার পোলার (ছেলের) মাথায় এসে লাগল। পোলায় দৌড় দিয়া পইরা যায়। কিছুক্ষণ পর দেহি খালি আগুন আর আগুন। পাশের দোকানে আরেকটা সিলিন্ডার পড়ছে।’

আহত ছেলেকে রাতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান হালিম। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। মাথায় আঘাতের প্রকৃত অবস্থা জানতে চিকিৎসক সিটিস্ক্যান করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে আজ দুপুরে ঘটনাস্থলে আসেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। প্রত্যক্ষদর্শী কয়েকজন মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারটি তাঁকে দেখান।

মহিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একটি সিলিন্ডার আমাকে কয়েকজন দেখিয়েছেন। সিলিন্ডারের গায়ে লেখা তথ্য অনুসারে সিলিন্ডারটির নাকি সিলিন্ডারের ভেতরে থাকা গ্যাসের মেয়াদ শেষ হওয়ার কথা বলা হয়েছে, সেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলতে পারবেন।’

এ বিষয়ে জানতে চাইলে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ছিল কি না, সেটিসহ তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

গতকাল রোববার রাতে আশুলিয়ার প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।