বিনোদন

সিনেমা দেখতে গিয়ে হয়রানির শিকার তরুণী, যুবককে গণপিটুনি

March 25, 2026
3 weeks ago
By SAJ
সিনেমা দেখতে গিয়ে হয়রানির শিকার তরুণী, যুবককে গণপিটুনি

ভারতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন এক তরুণী। অভিযুক্ত তরুণ ধরা পড়তেই প্রেক্ষাগৃহের বাইরে গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঠিক কী ঘটেছিল?

ঘটনাস্থল উত্তর প্রদেশের কানপুর। জানা যায়, সেখানকার এক প্রেক্ষাগৃহে পরিবারের সদস্যদের সঙ্গে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা দেখতে গিয়েছিলেন ওই তরুণী। সিনেমা চলাকালীন জনৈক যুবক হলের অন্ধকার পরিবেশের সুযোগ নিয়ে তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন। ওই তরুণী চিৎকার করে প্রতিবাদ শুরু করলে আশপাশের সবাই ছুটে আসেন।অভিযুক্ত যুবককে শনাক্ত করার পর হট্টগোল শুরু হয় প্রেক্ষাগৃহে। তবে ঘটনা এখানেই শেষ নয়!

জানা গেছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে ওই যুবককে আবার দেখতে পান তরুণীর বাবা। দেখামাত্রই ওই যুবককে মারধর করেন। পাশেই দাঁড়িয়ে থাকা পরিবারের বাকি সদস্যরা এবং কয়েকজন পথচারীও তৎক্ষণাৎ ছুটে এসে তাঁকে বেদম প্রহার শুরু করেন। সিনেমা হলের বাইরে এহেন গণপিটুনির খবর কানে যেতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ।

অভিযুক্ত যুবককে সেখান থেকে উদ্ধার করে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে স্থানীয় থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হয়রানির শিকার তরুণীর বাবার করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা করা হচ্ছে। নারীর নিরাপত্তা নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। অভিযুক্ত যুবক বর্তমানে  পুলিশ হেফাজতে রয়েছেন।

ইন্ডিয়া টুডে অবলম্বনে