বাংলাদেশ

সিনেট ভবনে চলছে ‘সিন্ডিকেট মিটিং’, বাইরে ডাকসু নেতাদের ‘ঘেরাও’ কর্মসূচি

July 28, 2026
3 weeks ago
By SAJ
সিনেট ভবনে চলছে ‘সিন্ডিকেট মিটিং’, বাইরে ডাকসু নেতাদের ‘ঘেরাও’ কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা চলাকালে সভাকক্ষের বাইরে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। ‘শিক্ষার্থীবান্ধব স্বচ্ছ সিট নীতিমালা প্রণয়নের’ দাবিতে এ ঘেরাও কর্মসূচি পালন করছেন তাঁরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরবর্তীকালে ৬টা ২৫ মিনিটের দিকে সিনেট ভবনের সামনে সিন্ডিকেট সভা চলাকালে কনফারেন্স রুমের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তাঁরা।

‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে যাও’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’, ‘আবাসনে রিঅ্যাড, গণরুমের রোডম্যাপ’, ‘গেস্টরুমের পায়তারা, রুখে দেবে ছাত্ররা’, ‘সে নো, গণরুম’সহ নানা স্লোগান দেন।

কর্মসূচিতে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত রয়েছেন।

সন্ধ্যা সাতটার দিকে ডাকসুর নেতারা সিন্ডিকেট রুমের বাইরে শাহবাগ থানায় তাদের ওপর হওয়া হামলার ঘটনার বিষয়টি নিয়ে সহকারী প্রক্টর এনামুল হক সজীব, রেজাউল করিম সোহাগ, শান্টু বড়ুয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, ‘আমরা চেয়েছি, অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শাহবাগের হামলার ঘটনা সুরাহা করতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাও কিন্তু সেই আগের মতোই সেই ছাত্রসংগঠনের মতোই তাদের মতোই একই যেন আচরণ তারা করতেছে। আমরা চাইলে শাহবাগে পাল্টা হামলা করতে পারতাম। কিন্তু আমরা ক্যাম্পাসের শান্তি–শৃঙ্খলা নষ্ট হবে, এই চিন্তা করে হামলা করি নাই।’