বাংলাদেশ

সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ড

September 9, 2026
1 month ago
By SAJ
সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরে হোসেনপুর আল-মাহমুদ সড়কের বাড়িতে এই ঘটনা ঘটে। একই সময়ে পাশের আরও দুটি ভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। বেলা সোয়া একটার দিকে হোসেনপুর আল-মাহমুদ সড়কে মন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে আগুন ধরে যায়। বাসভবনের প্রধান ফটকের ডান পাশের দেয়াল ঘেঁষে বাগানের ভেতরে প্রায় ১০ ফুট গ্যাসলাইন আছে। ওই লাইনের রাইজার পুড়ে গেছে।

ভবনের নিরাপত্তাপ্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জ্বালানিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতের পর হঠাৎ গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে কেউ হতাহত হননি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, মন্ত্রীর বাসভবন ও পাশের পৌর শহরের হোসেনপুর বাগানবাড়িতে দুটি ভবনেও বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কিছুটা ক্ষতি হলেও কেউ হতাহত হননি।