শিক্ষা

স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ শুরু, শিক্ষার্থীরা পাবে যেভাবে

December 11, 2025
4 months ago
By SAJ
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ শুরু, শিক্ষার্থীরা পাবে যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারির ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়। ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি : GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরেও ফল পাওয়া যাবে।

এদিকে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানেরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন।

মাউশি জানিয়েছে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।