জীবনযাপন

সম্পর্কে সুখী না হলে মানুষ নিজের অজান্তেই যে ৫টি কাজ করে

October 8, 2026
1 week ago
By SAJ
সম্পর্কে সুখী না হলে মানুষ নিজের অজান্তেই যে ৫টি কাজ করে

হঠাৎ কাজ বেড়ে যায়। সঙ্গী ঘরে এলে নানা ধরনের ব্যক্তিগত ব্যস্ততায় জড়িয়ে পড়েন। একা থাকা বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অজুহাত তৈরি হয়। কিংবা অবসর পেলেই ফোনে ডুবে থাকতে শুরু করেন কেউ। সঙ্গীর সঙ্গে থাকার চেয়ে একা থাকা বা অন্যদের সঙ্গে সময় কাটানো বেশি স্বস্তিদায়ক মনে হতে পারে।

একসময় দিনের ছোট্ট ঘটনাও সঙ্গীকে বলা হতো—কে কী বলল, কী দেখে হাসি পেল, অফিসে কী ঘটল বা ঘরের কোনো একটা উটকো ব্যাপার। এখন সেই তাগিদটাই কমে যায়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো দূরের কথা, দৈনন্দিন জীবনের ছোট আনন্দ, বিরক্তি কিংবা ভাবনাগুলোও আর ভাগ করে নিতে ইচ্ছা করে না। ‘যতটা সম্ভব কম কথোপকথন’—এই হয়ে ওঠে নীতি। এই নীরবতা অনেক সময় আবেগগত দূরত্বের ইঙ্গিত দেয়।

বন্ধু, শখ, ব্যক্তিগত সময়—এসব সুস্থ সম্পর্কের অংশ। সুখ না থাকলে বাইরের জীবন বা একা জীবনটাই ব্যক্তিগত বা দাম্পত্য সম্পর্ক থেকে পালানোর জায়গা হয়ে ওঠে। ইচ্ছা করেই এমন পরিকল্পনা করতে শুরু করেন কেউ কেউ, যেখানে সঙ্গীকে ছাড়াই বেশি সময় কাটানো যায়। কারণ, সেই সময়টুকু হয়তো তাঁকে স্বস্তি দেয়।

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি। আগে কোনো আচরণে কষ্ট পেলে কথা বলতেন, বোঝানোর চেষ্টা করতেন, তর্কও করতেন। এখন শুধু বলেন, ‘ঠিক আছে’, ‘যা ইচ্ছা করো’। বাইরে থেকে মনে হতে পারে, ঝামেলা কমেছে। অথচ ভেতরে হয়তো তৈরি হয়েছে ভীষণ ক্লান্তি। কথা বলে আর কিছু বদলাবে, সেই বিশ্বাসটুকুও নেই।

নিজের মতো করে থাকা, অন্য কোথাও চলে যাওয়া, একা ভ্রমণ করা কিংবা সম্পূর্ণ নতুনভাবে জীবন সাজানোর চিন্তা বারবার মনে আসতে পারে। মাঝেমধ্যে এমন কল্পনা স্বাভাবিক। কিন্তু যখন কল্পনার সেই একাকী জীবনটাই বর্তমান সম্পর্কের চেয়ে বেশি আনন্দের ও স্বস্তির বলে মনে হতে শুরু করে, তখন নিজেকেই প্রশ্ন করার সময় এসেছে—আদতে কী বদলে গেছে?

সূত্র: ব্রাইডস ও কসমোপলিটান