‘সন্দেহজনক ব্যাগ’ পাওয়ায় মেট্রোর দুই স্টেশন বন্ধ
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার ঘটনায় সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায়, একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পাওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ওসি হাফিজুর রহমান আরও বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে, সেটিতে বিস্ফোরক রয়েছে, নাকি অন্য কোনো বস্তু।
এদিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা–নিরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।