বিনোদন

সংসার চালাতে তেতো ওষুধ গিলছি! বিতর্ক শুরু হওয়ার পর অভিনেত্রীর জবাব

July 21, 2026
4 weeks ago
By SAJ
সংসার চালাতে তেতো ওষুধ গিলছি! বিতর্ক শুরু হওয়ার পর অভিনেত্রীর জবাব

নিজের ওজন নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অঞ্জলি দিনেশ আনন্দ। এটা নিয়ে বিস্তর তর্ক–বিতর্ক হয়েছে। তবে সেই বিতর্ক শেষ হতে গিয়েও যেন হলো না। কারণ, অঞ্জলি সম্প্রতি অভিনয় করেছেন ‘ধামাল ৪’ সিনেমায়। যে সিনেমার অনেকটা অংশজুড়েই রয়েছে শরীর নিয়ে কটাক্ষ। নিজে কটাক্ষের শিকার হওয়ার পরও অঞ্জলি কেন এমন একটি সিনেমায় অভিনয় করলেন? এমন প্রশ্নে এবার সরাসরি জবাব দিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, আদর্শ আর বাস্তবতার মধ্যে ফারাক আছে। সংসার চালাতে তাঁকে সেই চরিত্রই করতে হচ্ছে, যা তাঁর কাছে আসছে। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, প্লাস-সাইজ অভিনেতাদের প্রতি ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি একদিন বদলাবেই।

যেভাবে শুরু হলো বিতর্কসম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেছিলেন, কেউ তাঁকে মোটা বলে কটাক্ষ করলে তিনি পাল্টা বলেন, ‘তুমি দেখতে কুৎসিত। কারণ, তুমি ভেতরে-বাইরে দুদিক থেকেই কুৎসিত, আর সেটাই তুমি আমাকে দেখাচ্ছ।’

এই বক্তব্যের পর কনটেন্ট ক্রিয়েটর সৌম্য দুবে একটি ভিডিও প্রকাশ করে প্রশ্ন তোলেন, যিনি শরীর নিয়ে ইতিবাচক বার্তা দেন, তিনি কীভাবে এমন একটি ছবিতে অভিনয় করলেন, যেখানে তাঁর প্রায় প্রতিটি দৃশ্যই ওজন নিয়ে ঠাট্টার ওপর দাঁড়িয়ে?

ভিডিওতে সৌম্য বলেন, ‘আমি নস্টালজিয়ার জন্য “ধামাল ৪” দেখতে গিয়েছিলাম, কিন্তু ভীষণ হতাশ হয়ে বেরিয়েছি। আপনি পর্দায় এলেই হাতির আওয়াজ বাজছে, সংলাপগুলোও আপনার ওজন নিয়ে। আপনি বডি পজিটিভিটির কথা বলেন, অথচ এমন হাস্যরসের অংশ হলেন, যা ঠিক সেই মানসিকতাকেই শক্তিশালী করে।’

সৌম্য আরও বলেন, ‘এটা শুধু একটি কাল্পনিক চরিত্রের বিষয় নয়। সমস্যা হলো, আপনি একদিকে বডি পজিটিভিটির মুখ হয়ে উঠছেন, অন্যদিকে সেই ধরনের হাস্যরসের অংশ হচ্ছেন, যার বিরুদ্ধে আপনি নিজেই কথা বলেন।’

‘আমার সামনে কাজ বেছে নেওয়ার সুযোগ নেই’সমালোচনার জবাব দিতে দেরি করেননি অঞ্জলি। ভিডিওটির মন্তব্যের ঘরেই তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

অঞ্জলি লিখেছেন, ‘হ্যাঁ, কারণ সমাজ এখনো কুৎসিত। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতার মন্তব্যগুলো দেখলেই সেটা বুঝতে পারবেন।’ অভিনেত্রীর ভাষায়, তিনি এখন এমন অবস্থানে নেই যে ইচ্ছামতো কাজ বেছে নেবেন।‘আমার সংসার চালাতে হবে, খাবার কিনতে হবে। তাই তেতো ওষুধ গিলেই সেই কাজগুলো করছি, যেগুলো আমার কাছে আসছে। আমি এখন সেই সুযোগে নেই যে কোন চরিত্র করব আর কোনটা করব না। আমার জন্য পরিচালকদের লাইন পড়ে নেই,’ লিখেছেন তিনি।

‘প্লাস-সাইজ অভিনেত্রী চাইলে আমিই হব সেরা’অঞ্জলি জানান, তিনি জানেন পরিবর্তন রাতারাতি আসবে না। তবে তিনি সেই পরিবর্তনের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। ‘যদি কোনো নির্মাতা একজন “মোটা” কাউকে কাস্ট করতে চান, তাহলে আমি এমনভাবে সেই চরিত্র করব, যা কেউ ভুলতে পারবে না। আমি দীর্ঘ পথ চলার জন্য এসেছি। এই মানসিকতার পরিবর্তন সময় নেবে, আর সেই সময় পর্যন্ত অপেক্ষা করার সাহস আমার আছে,’ বলেন তিনি।

‘আমাকে শুধু শরীর দিয়ে বিচার করবেন না’নিজের অবস্থান বোঝাতে একটি উদাহরণও দেন অঞ্জলি। ‘কোনো অভিনেতা যদি পর্দায় সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেন, তার মানে এই নয় যে তিনি খুনকে সমর্থন করেন। তাই আমাকে শুধু আমার শরীরের মাপ দিয়ে বিচার করবেন না। আমার অভিনয় দেখুন, আমার প্রতিভা দেখুন, আর দেখুন সেই প্রতিভা আমাকে কোথায় নিয়ে এসেছে,’ মন্তব্য করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সংগ্রামওঅঞ্জলি আনন্দ এর আগে ‘ধাই কিলো প্রেম’, ‘আনট্যাগ’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’সহ একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দ্র কুমারের ‘ধামাল ৪’-এ তিনি অভিনয় করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রবি কিশান ও এশা গুপ্তর সঙ্গে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে