বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবদুল বারীকে ঢাকায় আনা হচ্ছে

September 4, 2026
1 month ago
By SAJ
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবদুল বারীকে ঢাকায় আনা হচ্ছে

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সকালে জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কের শিবগঞ্জের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় আহত ফিরোজা বিবি নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগমকে নেওয়া হয়েছিল জয়পুরহাট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানো হচ্ছে।

আজ বেলা একটার দিকে প্রতিমন্ত্রী অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া। তিনি বলেন, দুর্ঘটনার কারণে জয়পুরহাটে নির্ধারিত কোনো অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথে গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে ফিরোজা বিবি নামের এক নারী চলে আসেন। একপর্যায়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী আহত হন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, প্রতিমন্ত্রীর কোনো হাড় ভাঙেনি। তাঁর ডান পায়ে সফট টিস্যু ইনজুরি হয়েছে। এ ছাড়া হাত, কাঁধ ও ঘাড়ে সাময়িক আঘাত পেয়েছেন। পায়ে ‘শর্ট লেগ’ প্লাস্টারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।