সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম, আর কারা হলেন বিসিবি পরিচালক
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থার বেশির ভাগ পরিচালকই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচনের যা একটু আনুষ্ঠানিকতা ছিল, তা খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতেই।
ক্লাবগুলোকে নিয়ে ক্যাটাগরি-২ এ ১২ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ৭৬ জন কাউন্সিলর। এই পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৬ জন প্রার্থী। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থী হলেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে ক্যাটাগরি-১ এ ১০ পরিচালকের ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট হয়েছিল শুধু খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে বরিশালের একটি পদে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
খুলনা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে ৩ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন আজই। সেটি তামিম ইকবাল হওয়ার সম্ভাবনাই বেশি।