বাংলাদেশ

তাপপ্রবাহ কমল, বৃষ্টি থাকতে পারে দুই থেকে তিন দিন

June 5, 2026
6 hours ago
By SAJ
তাপপ্রবাহ কমল, বৃষ্টি থাকতে পারে দুই থেকে তিন দিন

টানা অন্তত চার দিনের তাপপ্রবাহের পর বৃষ্টিতে একটু স্বস্তি মিলেছে আজ শুক্রবার। শুধু রাজধানীতে নয়, দেশের বেশির ভাগ এলাকাতেই এ চিত্র। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহও হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের ৩৮ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আগের দিন ৪৮ জেলায় তাপপ্রবাহ ছিল। চলতি বছর এভাবে এত জায়গায় এক দিনে তাপপ্রবাহের রেকর্ড নেই। রাজধানীতে টানা তিন দিন ধরে তাপপ্রবাহ বয়ে গেছে। গতকালও রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে এ মাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তবে আজ সেই তাপপ্রবাহ উধাও রাজধানী থেকে, প্রায় পুরো দেশ থেকেই। ‘প্রায়’ বলতে হলো, কারণ তাপপ্রবাহ একেবারে চলে যায়নি। দক্ষিণ–পূর্বের কক্সবাজার আজ দেশের একমাত্র জেলা যেখানে তাপপ্রবাহ বয়ে গেছে। সেখানকার তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রাজধানীর তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ১ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর আজ বিকেলে প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাবে তাপমাত্রা কমেছে। এ অবস্থা চলতে পারে দুই থেকে তিন দিন।

আজ বেলা ৩টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায়, ৪৩ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ৩৯ এবং টাঙ্গাইলে ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানীতে এ সময় ২ মিলিমিটার বৃষ্টি হয়।

এখন যে বৃষ্টি হচ্ছে, তা মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। এ বৃষ্টি মৌসুমি বায়ুর কারণে নয়। অথচ মৌসুমি বায়ু আসার সময় পার হয়ে গেছে। সাধারণত দেশে মে মাসের ৩১ তারিখের মধ্যেই টেকনাফ এলাকা দিয়ে বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এবার ব্যতিক্রম হলো। তবে এবারই যে প্রথম ব্যতিক্রম, তা নয়। আবার কখনো কখনো আগেও চলে আসে। যেমন গত বছরই ৩১ মের আগেই এ বায়ুর প্রবেশ ঘটেছিল বাংলাদেশে।

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমী বায়ু দেশে আসতে দুই থেকে তিন দিন বা আরও সময় লেগে যেতে পারে। আর দেশব্যাপী ছড়িয়ে পড়তে ১০ থেকে ১১ তারিখ হয়ে যেতে পারে।

জুন মাসে বৃষ্টি বেশি হলেও এবার এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক মাসের পূর্বাভাসে বলা হয়েছে। শুধু এ মাস নয়, চলতি বছর পুরো বর্ষা মৌসুমেই অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়। চলতি বছরের বর্ষা মৌসুমে কম বৃষ্টির পেছনে এল নিনোর সম্পর্ক আছে বলে মনে করে আবহাওয়া ও জলবায়ুবিশেষজ্ঞরা।