জীবনযাপন

তারকাদের এসব পোষা প্রাণীর খ্যাতি মালিকের চেয়েও কম নয়

December 29, 2025
7 months ago
By SAJ
তারকাদের এসব পোষা প্রাণীর খ্যাতি মালিকের চেয়েও কম নয়

বিখ্যাত হলিউড তারকা অড্রে হেপবার্নের কুকুরটির নাম ছিল ‘মিস্টার ফেমাস’। হেপবার্ন কুকুরটিকে এতই ভালোবাসতেন যে ১৯৫৭ সালের ‘ফানি ফেস’ সিনেমার একটি দৃশ্যে পোষা প্রাণীটিকে সঙ্গে নিয়েই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। মিস্টার ফেমাসের জনপ্রিয়তায় সে সময় হলিউডে ইয়র্কশায়ার টেরিয়ারের চাহিদাও হঠাৎ বেড়ে গিয়েছিল।

রক অ্যান্ড রোল কিং এলভিস প্রেসলির পোষা প্রাণীদের মধ্যে সবচেয়ে আলাদা ছিল শিম্পাঞ্জি ‘স্ক্যাটার’। ‘দুষ্টামি’ আর ‘বিশৃঙ্খলা’র জন্য প্রায়ই আলোচনায় থাকত স্ক্যাটার। একসময় এতটাই দুরন্ত হয়ে উঠেছিল যে এলভিস ওকে সফরে নেওয়া বন্ধ করে দেন এবং নিজের গ্রেসল্যান্ড এস্টেটেই রেখে দেন।

বিখ্যাত জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের সাদা লোমশ বিড়াল ‘শুপেত’ নিজেই এক ফ্যাশন আইকন। একসময় আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের পাতায় ওর উপস্থিতি ছিল নিয়মিত, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তসংখ্যা লক্ষাধিক।

ল্যাগারফেল্ড একবার জানিয়েছিলেন, একটি বিড়ালের সঙ্গে এমন গভীর সম্পর্ক হবে, তা তিনি কখনো ভাবেননি। ২০১৯ সালে মনিবের মৃত্যুর পরও বেশ বিলাসবহুল জীবন যাপন করছে শুপেত।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের পর্তুগিজ ওয়াটার ডগ ‘বো’ ও ‘সানি’ হোয়াইট হাউসের ছিল সবার প্রিয়। হোয়াইট হাউস ছাড়ার আগের দিন একটি ভিডিও শেয়ার করেছিলেন মিশেল ওবামা। তাতে বো ও সানির উপস্থিতি আজও অনেকের মনে আছে।

মার্কিন টেলিভিশন উপস্থাপক ও উদ্যোক্তা অপরাহ উইনফ্রের কুকুর পাঁচটি—স্যাডি, সানি, লায়লা, লুক ও লরেন। কুকুরগুলো অপরাহর কাছে শুধুই পোষা প্রাণী নয়, অপরাহ ওদের বলেন ‘লোমশ ছোট মানুষ’। এমনকি ওদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কোটি ডলারের ট্রাস্ট ফান্ড থাকার কথাও শোনা যায়।

হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনির জীবনে সবচেয়ে আলোচিত পোষা প্রাণী ছিল ভিয়েতনামিজ পটবেলি শূকর ‘ম্যাক্স’। প্রায় ৩০০ পাউন্ড ওজনের এই শূকর নিয়ে আলোচনার কমতি ছিল না। ক্লুনির বিছানায় ঘুমানো থেকে শুরু করে দরজার সামনে শুয়ে পথ আটকানো—সব মিলিয়ে ম্যাক্স ছিল একেবারে ঘরের কর্তা।

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও রিয়েলিটি টিভি তারকা প্যারিস হিলটনের নামের সঙ্গে একসময় অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল ‘চিহুয়াহুয়া টিঙ্কারবেল’। ১৪ বছর ধরে হিলটনের সঙ্গী কুকুরটি যেন হয়ে উঠেছিল তাঁর স্টাইলের অংশ।

টিঙ্কারবেলের মৃত্যুর পরও হিলটনের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা কমেনি। এখন তাঁর আছে একঝাঁক ছোট আকারের কুকুর, যাদের জন্য বানানো হয়েছে এসি, হিটার, ডিজাইনার আসবাব আর বাগানমুখী বারান্দাসহ আলাদা দোতলা ‘ডগ ম্যানশন’।

মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে ৯টি কুকুর উদ্ধার করেছেন। উদ্ধারের পর পোষ্য হিসেবে রেখে দিয়েছেন নিজের কাছে। কনসার্ট ট্যুরে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে ওরা আরিয়ানার সঙ্গী হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ওরা তুমুল জনপ্রিয়।

সূত্র: ভোগ