বাংলাদেশ

‘তারুণ্যের প্রথম ভোট দিয়েছি, খুব ঈদ ঈদ ফিল হচ্ছে’

February 12, 2026
2 months ago
By SAJ
‘তারুণ্যের প্রথম ভোট দিয়েছি, খুব ঈদ ঈদ ফিল হচ্ছে’

দুপুরের তপ্ত রোদের মধ্যে রাজধানীর খিলগাঁও মডেল কলেজের মাঠে দাঁড়িয়ে সেলফি তুলছেন দুই বান্ধবী নাফিসা আনজুম ও মাহমুদা মাহফুজ। জীবনে প্রথম ভোট দিয়েছেন। পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরে আনন্দিত দুজনে। তাই মুঠোফোনে খুশির মুহূর্তটা ধরে রাখছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোট দিয়ে বেরোনোর পর কলেজ মাঠেই তরুণ ভোটার নাফিসা ও মাহমুদার সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়।

মাহমুদা বললেন, ‘আমি নতুন ভোটার। প্রথম ভোট আজকে দিয়েছি। খুবই ভালো লাগছে। জীবনে প্রথমবার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। খুব ঈদ ঈদ ফিল হচ্ছে। নিজের ভোটটা নিজে দিতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।’

জুলাই গণ–অভ্যুত্থানের কথা স্মরণ করে মাহমুদা বলেন, ‘যাঁরা জীবন দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, তাঁদের জন্য আমরা আজকে ভোটের পরিবেশ পেয়েছি। আমরা চাই নির্বাচনে এমন একজন প্রার্থী বিজয়ী হোক, যিনি যোগ্য এবং আমাদের এলাকার জন্য সত্যিকারের কাজ করবেন। এ জন্য কোনো মার্কা দেখে ভোট দিইনি।’

পাশেই ছিলেন নাফিসা। বললেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। ভোট দিয়ে অন্য রকম ফিল হচ্ছে। কখনো ভাবিনি স্বাধীনভাবে ও সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারব।’ তিনি বলেন, ‘অতীতে যখন নির্বাচনের কথা আসত, তখন মনে একটা আতঙ্ক কাজ করত। ভোটকেন্দ্রে যাব, ওখানে পরিবেশ কেমন হবে, রিস্ক (ঝুঁকি) থাকতে পারে। কিন্তু এবার এ রকম মনে হয়নি। ভোটকেন্দ্রে এসে ভোটের প্রতি আমাদের যে আতঙ্ক ছিল, সেটা আর কাজ করেনি।’ বলেন তরুণ ভোটার নাফিসা।