বাংলাদেশ

টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করা হয়নি: চিফ প্রসিকিউটর

January 19, 2026
3 months ago
By SAJ
টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করা হয়নি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক পদে ব্রিটিশ আইনজীনী টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করা হয়নি। আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর বিশেষ পরামর্শক পদে টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৯ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়।

তাজুল ইসলাম বলেন, ‘টবি ক্যাডম্যানকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার প্রথমে এর মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনা করেছিল। টবি নিজেও সরকারকে অ্যাপ্রোচ করেছিলেন, তিনি এক্সটেনশন (মেয়াদ বৃদ্ধি) চান। কিন্তু ফাইনালি আইন মন্ত্রণালয় চিন্তা করে বলে দিল যে যেহেতু তাঁদের মেয়াদ মাত্র কয়েক দিন আছে, এ মুহূর্তে আর নতুন করে কোনো অ্যাগ্রিমেন্টে (চুক্তি) যাবে না।’

টবি ক্যাডম্যান লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সে সময় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি। তবে সে সময় তাঁকে আটকে দেওয়া হয়েছিল।

গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন তিনি। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল।