বাংলাদেশ

তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল

December 12, 2025
4 months ago
By SAJ
তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুরে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে ৬৪টি মশাল।

জাজিরা থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে জাজিরার মিরাশা এলাকার মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুই শতাধিক মানুষ হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া রাতে সদর উপজেলার একটি এলাকায় আওয়ামী লীগের আরও কিছু লোক মশাল নিয়ে মিছিল করেন। তবে সদরের কোনো এলাকায় ওই মিছিল হয়েছে, তা জানতে পারেনি পুলিশ।

গতকাল রাতের ওই দুটি মিছিলের দুটি ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মশাল হাতে দলটির নেতা-কর্মীরা তফসিলকে অবৈধ দাবি করে এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মিছিল করার কাজে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’