তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া
তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আসবে মিচেল মার্শের নেতৃত্বাধীন দল, যেখানে তরুণদের প্রাধান্য দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ঢাকায় পা রাখার আগে অস্ট্রেলিয়া দল তিনটি ওয়ানডে খেলতে যাবে পাকিস্তানে। সেই সফরেও কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডদের রাখা হয়নি।
ওয়ানডে থেকে অবসরে নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস টি–টুয়েন্টির জন্য প্রস্তুত থাকলেও তাদের রাখা হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে বদলি হিসেবে ডাক পাওয়া স্টিভ স্মিথও নেই।
ট্রাভিস হেড (সানরাইজার্স হায়দরাবাদ), কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস (সবাই পাঞ্জাব কিংসে) আইপিএল শেষ করে ভারত থেকে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে বাংলাদেশ সফরে রাখা না হলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক অলিভার পিককে। সব মিলিয়ে তিনটি সিরিজের স্কোয়াডে মিলিয়ে মোট ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।
আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। পরের দুই ম্যাচ ১৯ ও ২১ জুন।