বাংলাদেশ

তিনদিনের চেষ্টায় হয়নি, যত দেরিই হোক আজ নিতে হবে তেল

April 11, 2026
4 months ago
By SAJ
তিনদিনের চেষ্টায় হয়নি, যত দেরিই হোক আজ নিতে হবে তেল

গনগনে রোদের তাপ। তেলের জন্য লাইনে মোটরসাইকেল, প্রাইভেট কার রেখে গাছের ছায়ায় বসে আছেন চালকেরা। তবে প্রাইভেট কার চালক আরিফ হোসেন মরিয়া। গাড়ির সামনে গ্লাসে গামছা দিয়ে রেখে ভেতরেই আছেন তিনি। যেভাবেই হোক তিনি আজ তেল নিতে চান। তাই নড়ছেন না।

আজ শনিবার বেলা ১১টার সময় রাজধানীর আরামবাগের মেসার্স এইচ কে ফিলিং স্টেশনের সামনের সড়কে আরিফ হোসেনের সঙ্গে দেখা হয়। এই পাম্পে তখনও তেল আসেনি। চালকেরা তেল আসার অপেক্ষায়।

আরিফ হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, গত তিন দিন ৪ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করে ফিরে গেছেন, তেল পাননি। তেলের জন্য তিনদিনই তিনি যখন লাইনে দাঁড়িয়েছিলেন, তখন পেছনে ছিলেন। ফলে লাইন মেনে ফিলিং স্টেশনের কাছাকাছি আসতে আসতে শুনতে পান তেল শেষ। সে জন্য আজ সকাল ৬ টার আগে লাইনে দাঁড়ান। তবুও তার সামনে ৬টি গাড়ি। বেলা ১১ টা বাজলেও তিনি তেল পাননি।

আরিফ হোসেন বলেন, ‘আজকে যেভাবে হোক তেল নিতেই হবে। তাই সবার আগে লাইনে দাঁড়াতে ভোরে এসেছি। কিন্তু এসে দেখি আমার আগে ৫ থেকে ৬টি গাড়ি এসে সিরিয়ালে দাঁড়িয়েছে। তবুও আশা করছি তেল পাব। সেটা যতই দেরি হোক। পাম্প থেকে বলেছে ১ টার দিকে তেল আসবে। সে জন্য অপেক্ষা করছি।''''

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার পর আবার নিয়োগকর্তার কাজে যেতে হয়। ফলে বিশ্রাম পান না। কিন্তু কিছু করার নেই।

এই ফিলিং স্টেশনে বেলা ১১টার দিকে ১৫৮টি মোটরসাইকেল ও ১০৪টি প্রাইভেট কার অপেক্ষায় থাকতে দেখা যায়। সকাল ১০টার দিকে রাজারবাগ ফিলিং স্টেশনে দেখা যায়, ৯৪টি মোটরসাইকেল ও ৫৭টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষা করছে। এই ফিলিং স্টেশনের কর্মী মো. শিপন হাতমাইকে বলেন, ‘অকটেন হবে না, যারা পেট্রল নেবেন, শুধু তারা লাইনে দাঁড়ান।’

এই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আয়নাল হক প্রথম আলোকে জানান, তাঁদের পাম্পে সাড়ে ৪ হাজার লিটার অকটেন আসে।আজকে যে তেল আছে, তা অল্প কিছু চালকদের দিতে পারবেন। কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেল না পেলে মন খারাপ হবে, সে জন্য আগেই জানিয়ে দিচ্ছেন।

বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল করিম এন্ড সন্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো আজও দীর্ঘলাইন। মোটরসাইকেলের লাইন মতিঝিল থেকে ঘুরে বাফুফে ভবন পর্যন্ত চলে গেছে।

এই পাম্পে তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল চালক মো. সবুজ। তিনি জানান, সকাল ৬টার সময় এসেছেন। সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষা করলেও তেল পাননি। তবে ফিলিং স্টেশনে তেল আসলে পাবেন সে জন্য অপেক্ষা করছেন।