বাংলাদেশ

তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুরকে আদালতে হাজির

June 8, 2026
2 months ago
By SAJ
তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুরকে আদালতে হাজির

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। তনু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির করা হয়। আজ ৮ জুন মামলাটির তারিখ ধার্য ছিল বলে প্রথম আলোকে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তারিকুল ইসলাম। তবে এদিন আদালতে হাজির করা হলেও হাফিজুর রহমানের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।

এর আগে ২২ এপ্রিল মো. মুমিনুল হকের আদালতে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তারিকুল ইসলাম হাফিজুরকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে ওই সেনাসদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাঁকে পিবিআইয়ের রাজধানীর কল্যাণপুরে বিশেষ ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ ২৫ এপ্রিল তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেই আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজকে মামলাটির তারিখ ধার্য ছিল। এ জন্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে হাজির করা হয়েছে। পরে আদালত তাঁকে ফের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটা মামলার নিয়মিত কার্যক্রমের প্রক্রিয়া। আর হাফিজুরের ডিএনএ নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। সেটি পেলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া সন্দেহভাজন অপর আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।