টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শেরে বাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, টসের পর ক্রিকেটাররা ধীরে ধীরে ফিরে যাচ্ছেন ড্রেসিংরুমে, ম্যাচের জন্য তৈরি হতে। গ্যালারিতে খুব বেশি দর্শক নেই।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আগে ফিল্ডিং করা নিয়ে মিরাজ বলেছেন, ‘আমাদের বোলিং আক্রমণ ভালো। যদি প্রথম ১০ ওভারের মধ্যে কিছু উইকেট নিতে পারি তাহলে ভালো হয়।’
দলের কম্বিনেশন নিয়ে মিরাজ বলেছেন, ‘তিনজন ফাস্ট বোলার, দুজন স্পিনার এবং ছয়জন ব্যাটার।’
ওয়ানডে সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, এখন থেকে তিনি ৭ নম্বরে ব্যাট করবেন।
অন্যদিকে পাকিস্তানের আজ নতুন এক অভিজ্ঞতা হবে। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানেরই অভিষেক হবে। শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ওপেনিং জুটির পর তিনে নামবেন শামিল হোসেন। তাঁদের বিষয়ে জানতে ক্লিক করুন নিচের লিংকে—
ফারহানকে সবাই চেনেন, সাদাকাত আর সাংবাদিকপুত্র শামিলকে চেনেন কতটা
এই সিরিজে বাবর আজমের অনুপস্থিতি নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি বলেছেন, বাবরকে বাদ দেওয়া হয়নি।
বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতম। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশে। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে থাকতে হবে আটের মধ্যে। র্যাঙ্কিংয়ে এগোনোর চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের জন্য প্রথম প্রতিপক্ষ পাকিস্তান, যে দলটি আছে র্যাঙ্কিংয়ে চারে।
সর্বশেষ ২০১৫ সালের সফরে ঢাকায় ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান, যেটিতে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। এবার একই দলের বিপক্ষে সাফল্যর পুনরাবৃত্তি চায় বাংলাদেশ, তবে চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স , ‘তারা এবারও নিশ্চয়ই ৩-০ ব্যবধানে হারতে চাইবে না। তারা এই সিরিজে খুব শক্তভাবে ফিরে আসার চেষ্টা করবে। এই সিরিজটি আমাদের জন্য ২০২৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পথের শুরু।’