আন্তর্জাতিক

উসাইন বোল্টের ১০০ মিটারের রেকর্ড ভাঙল রোবট

August 22, 2026
1 month ago
By SAJ
উসাইন বোল্টের ১০০ মিটারের রেকর্ড ভাঙল রোবট

চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি একটি মানবাকৃতির রোবট ১০০ মিটার দৌড় শেষ করেছে মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে। আজ শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে রোবটটি জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে।

লাইটনিং নামের রোবটটি আজ বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের’ প্রস্তুতিমূলক একটি পরীক্ষামূলক প্রতিযোগিতায় প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মিটার গতিতে দৌড়ায়।

এই পারফরম্যান্স ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে গেল।

চীন মানবাকৃতির রোবটশিল্পকে একটি কৌশলগত উদীয়মান খাত হিসেবে জোর দিচ্ছে। দেশটির নীতিনির্ধারক ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর আশা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও হার্ডওয়্যারের উৎপাদন অগ্রগতি, লজিস্টিকস এবং ভোক্তা ব্যবহারে এই প্রযুক্তির দ্রুত প্রসার ঘটাবে।

গত এপ্রিলে ২১ কিলোমিটার বেইজিং হাফ ম্যারাথনেও জয় পেয়েছিল লাইটনিং। রোবটটি দৌড় শেষ করতে সময় নিয়েছিল ৫০ মিনিট ২৬ সেকেন্ড, যা পুরুষ অ্যাথলেটদের বিশ্ব রেকর্ডের গতির চেয়ে বেশি।

হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আগে গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক শূন্য ৫ মিটার করেছেন।