বাংলাদেশ

উত্তরায় আড়াই মাস পর আবারও একই ব্যবসায়ীর বাসায় গুলি

May 23, 2026
4 months ago
By SAJ
উত্তরায় আড়াই মাস পর আবারও একই ব্যবসায়ীর বাসায় গুলি

রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে ওই বাসা লক্ষ্য করে দুইবার গুলি চালানো হলো।

পুলিশ জানায়, উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হেলমেট পরে মোটরসাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি খালিদ মনসুর। তিনি বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল।

পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। ওসি খালিদ মনসুর বলেন, প্রথমবার গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলাটির তদন্ত করছে। এর মধ্যে আবার গুলির ঘটনা ঘটল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।