বিনোদন

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন

May 15, 2026
3 months ago
By SAJ
ভারতীয় ক্রিকেটারের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে স্টেডিয়ামে নিয়মিতই হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। মাঠে তাঁর উপস্থিতি নিয়ে চলছে জল্পনা। কারণ, তিনি শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচেই নিয়মিত উপস্থিত হচ্ছেন। গুঞ্জন উঠেছে, দলটির ক্রিকেটার দেবদূত পাড়িক্কলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ।

যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শেহনাজ বা দেবদূত। সম্প্রতি এক ম্যাচের সাইডলাইনে আলাপচারিতার সময় প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে শেহনাজ বলেন, ‘আমি বিরাটকে ভালোবাসি। আর মাঠে দেবদূত পাড়িক্কলকে খেলতে দেখতে ভালো লাগে।’ এর পর থেকেই দুজনকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়।এর আগে শেহনাজ একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘দিল আরসিবি মে হ্যায় (আমার মন পড়ে আছে আরসিবিতে)।’ সেই পোস্টও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এ ছাড়া কয়েকটি ম্যাচে গ্যালারিতে বসে আরসিবিকে উৎসাহ দিতেও দেখা গেছে তাঁকে। দলের জয়ের পর আরসিবির জার্সি পরে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করে শেহনাজকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকেই তাঁকে ‘আরসিবির লাকি গার্ল’ বলেও আখ্যা দিয়েছেন।

পাঞ্জাবি বিনোদন অঙ্গনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শেহনাজ গিল। তবে ‘বিগ বস ১৩’–এ অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পরে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এ ছাড়া ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিতেও অভিনয় করেন তিনি। ছবিটি ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

সবশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইক কুড়ি’–তে দেখা গেছে শেহনাজ গিলকে।

এনডিটিভি অবলম্বনে