খেলা

ওয়ার্নের সেই ৩ শতাংশের মালিকানার দাম এখন ৬০০ কোটি টাকা

March 25, 2026
3 weeks ago
By SAJ
ওয়ার্নের সেই ৩ শতাংশের মালিকানার দাম এখন ৬০০ কোটি টাকা

বল হাতে তিনি ছিলেন জাদুকর। ২২ গজের পিচে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে তাঁর লেগ স্পিনের জুড়ি ছিল না। কিন্তু মাঠের বাইরেও যে শেন ওয়ার্ন একজন দূরদর্শী ছিলেন, তার প্রমাণ মিলছে এখন।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি যে ‘বাজি’ ধরেছিলেন, প্রায় দুই দশক পর তা এখন ‘সোনার ডিম পাড়া হাঁস’। সেদিনের চুক্তির একটি শর্ত আজ তাঁর পরিবারের সামনে হাজির করছে কয়েক শ কোটি টাকার সম্পদ।

রাজস্থান রয়্যালসের সদ্য বিক্রি হওয়া মালিকানাতেই ওয়ার্নের ‘বিনিয়োগের’ এমন উল্লম্ফন!

২০০৬-০৭ অ্যাশেজের পর ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে রাজস্থান রয়্যালস তাঁকে খেলার পাশাপাশি কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানায়। শুধু তা–ই নয়, তাঁকে ক্রিকেটীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

এত সব দায়িত্বের বিনিময়ে ওয়ার্নের জন্য প্রাপ্তিও ছিল একাধিক। নগদ পারিশ্রমিক ধরা হয় ৬ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। পাশাপাশি দেওয়া হয় দলের মালিকানার একটি অংশও। চুক্তি হয়, ওয়ার্ন যত দিন দিন রাজস্থানের সঙ্গে থাকবেন, প্রতি মৌসুমের জন্য ০.৭৫ শতাংশ মালিকানা (ইকুইটি) পাবেন। দ্য হেরাল্ড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি পরে বলেছিলেন, ‘তারা আমাকে অধিনায়ক ও কোচ হতে বলেছিল, নিজের মতো করে দল চালানোর সুযোগ দিয়েছিল। আমি ছিলাম ওয়ান-স্টপ শপ।’

ওয়ার্নের নেতৃত্বে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন হয় রাজস্থান। এরপর আরও তিন মৌসুম তিনি রাজস্থানে কাটান। সব মিলিয়ে চার মৌসুমে তাঁর মালিকানার পরিমাণ দাঁড়ায় ৩ শতাংশে। ২০১৯ সালে যখন ফ্র্যাঞ্চাইজিটির মূল্যমান (ভ্যালুয়েশন) ৪০ কোটি ডলারে ওঠে, তখন ওয়ার্ন এক সাক্ষাৎকারে রসিকতা করে বলেন, ‘৪০০ মিলিয়নের ৩ শতাংশ মন্দ নয়!’

সে সময় অবশ্য রাজস্থান বিক্রি হয়নি। এবার হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী কাল সোমানি ১৬৩ কোটি মার্কিন ডলারে রাজস্থান কিনে নিয়েছেন, যা ভারতীয় মুদ্রায় ১৫ হাজার কোটি রুপির বেশি, বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকার বেশি। বিক্রীত মূল্য অনুসারে ওয়ার্নের ৩ শতাংশ শেয়ারের দাম বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।

ওয়ার্ন নিজের মেধা ও নেতৃত্বের বিনিময়ে যে মালিকানা পেয়েছিলেন, সেটি অবশ্য এখন তাঁর ভোগ করার সুযোগ নেই। ২০২২ সালে থাইল্যান্ডে মারা যান অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ও ১৯৪ ওয়ানডে খেলা এই কিংবদন্তি।

আইন অনুযায়ী, ওয়ার্নের সম্পদের মালিক তাঁর পরিবার। বিসিসিআইয়ের অনুমোদন সাপেক্ষে ২০২৬ আইপিএলের পর রাজস্থান রয়্যালসের নতুন মালিকানার বিষয়টি কার্যকর হবে। তখন ওয়ার্নের পরিবার চাইলে তাঁর মালিকানা বিক্রি করে নগদ অর্থ বুঝে নিতে পারবে।