আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের

March 19, 2026
4 weeks ago
By SAJ
যুদ্ধ শুরুর পর ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর দেশ দুটির হয়ে কাজ করা ১৭৮ জন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কেন্দ্র এবং সামরিক তল্লাশিচৌকির ছবি ও অবস্থান মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠাচ্ছিলেন, যাতে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তাঁদের কাছ থেকে অস্ত্র, অবস্থান শনাক্তকারী যন্ত্র (লোকেশন ফাইন্ডিং ডিভাইস), বিশেষ যোগাযোগ সরঞ্জাম ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় অর্ধশত নেতৃস্থানীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গত কয়েক দিনের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিসহ কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা নিহত হন।

এসব কর্মকর্তার অবস্থানের তথ্য দেশের ভেতর থেকেই সরবরাহ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টিকে তেহরানের গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।