আন্তর্জাতিক

আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন: ট্রাম্প

October 28, 2026
2 days ago
By SAJ
আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সমর্থন দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারের নির্বাচনে ‘নিশ্চিত পরাজয়’ এড়াতে পেরেছেন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গতকাল মঙ্গলবারের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল বা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে জানা যায়, লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৬টি আসনে জিতেছে। সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টিতে জিতেছে। আরব লিস্ট জিতেছে ১৬টি আসনে।

এ অবস্থায় ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না। যদিও একক দল হিসেবে জয়ের ক্ষেত্রে এগিয়ে আছে লিকুদ পার্টি।

কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে দলগুলোর মধ্যে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস ধরে রাজনৈতিক দর–কষাকষির পথ উন্মুক্ত হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এ সবকিছুই ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পর—যিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভালো চান!’

উল্লেখ্য, ইসরায়েলের এবারের নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ‘অন্য দেশের নির্বাচনে’ কাউকে প্রকাশ্যে সমর্থন জানাতে অস্বীকৃতি জানান।

নেসেটের এবারের নির্বাচনে ইসরায়েলি আরবরা অভাবনীয় ফলাফল অর্জন করেছেন। দেশটির প্রধান দুটি রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আরবরা।

তবে নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার খবরে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।

জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে হাজির হন নেতানিয়াহু। তিনি বলেন, সম্ভাব্য সরকার গঠনের বিষয়ে এখনই কথা বলাটা আগাম হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভোটের ‘প্রকৃত ফলাফল’ পাওয়ার অপেক্ষা করবেন।