আন্তর্জাতিক

আমিরাত ও কাতারে এবার ঈদগাহে নয়, ঈদের নামাজ হবে মসজিদে

March 18, 2026
4 weeks ago
By SAJ
আমিরাত ও কাতারে এবার ঈদগাহে নয়, ঈদের নামাজ হবে মসজিদে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের জমায়েত স্থগিত করা হয়েছে। এই দুই দেশে এবার শুধু মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ‘ইসলামি বিষয়াবলি, ওয়াক্‌ফ ও জাকাত’বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সারা দেশের মসজিদগুলোর ভেতরেই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদগাহে নামাজের আয়োজন করা হবে না। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, এ সিদ্ধান্ত পুরো আমিরাতের জন্যই প্রযোজ্য। ঐতিহ্যবাহী উন্মুক্ত ঈদগাহে এবার ঈদের নামাজ হবে না।

কর্মকর্তারা জানিয়েছেন, মূলত সুষ্ঠুভাবে নামাজ আয়োজন এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুসল্লিরা এবার নিজ নিজ এলাকার মসজিদগুলোতে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদের নামাজের জন্য মুসল্লিদের জায়গা দিতে সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদ প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক নির্দেশনা ও নিয়মাবলি মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে গালফ-টাইমস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তার কথা বিবেচনা করে কাতারেও ঈদগাহের বদলে মসজিদে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত দিয়েছে দেশটির ওয়াক্‌ফ ও ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মুসল্লিদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।