বাংলাদেশ

নানক-তাপসের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৭ মে

April 26, 2026
3 months ago
By SAJ
নানক-তাপসের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৭ মে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী ৭ মে তারিখ ধার্য করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আজ রোববার এই তারিখ ধার্য করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে আজ প্রথমে প্রসিকিউশনের পক্ষ (রাষ্ট্রপক্ষের আইনজীবী) এই মামলার সব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের মক্কেলদের এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।

উভয়পক্ষের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলার ২৮ আসামির মধ্যে জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপসসহ ২৪ জন পলাতক। চার আসামি গ্রেপ্তার আছেন। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের বিরুদ্ধে এ মামলায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।