বাংলাদেশ

‘পিংক বাস’কে হানিফ বাসের ধাক্কা দেওয়ার ছবি এআইয়ের সহায়তায় বানানো

August 19, 2026
1 hour ago
By SAJ
‘পিংক বাস’কে হানিফ বাসের ধাক্কা দেওয়ার ছবি এআইয়ের সহায়তায় বানানো

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও চালকের সহকারীর মাধ্যমে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সার্ভিস।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) গোলাপি রঙের এই বাস সার্ভিস চালু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর মধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ‘মহিলা বাস’ লেখা গোলাপি রঙের একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে আছে। এর পাশে রাস্তায় ‘হানিফ’ লেখা একটি বাসও অবস্থান করতে দেখা যায়।

ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে দাবি করা হয়, ‘প্রথম দিনেই বখাটে হানিফের ধাক্কা, খাদে পড়ে গেল গোলাপী!’

একই ছবি ব্যবহার করে অন্য পোস্টে লেখা হয়েছে, ‘প্রথম দিনেই ঘটল অপ্রত্যাশিত এক কাণ্ড। হানিফের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গোলাপী! ঘটনার পর কী হলো? গোলাপী কি শেষ পর্যন্ত উঠে আসতে পারল?’

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

প্রতিবেদন লেখা পর্যন্তে এ রকম ক্যাপশন রেখে ছবিটি ব্যবহার করে শুধু ফেসবুক প্ল্যাটফর্মে ৭০–এর অধিক গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে।

তবে যাচাইয়ে দেখা যায়, নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাসকে’ হানিফ পরিবহনের কোনো বাস ধাক্কা দিয়ে খাদে ফেলে দেওয়ার ঘটনা ঘটেনি। প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

‘পিংক বাসে’ বলাকার ধাক্কা

যাচাইয়ের শুরুতে ‘পিংক বাস’ চালুর পরদিনের সংবাদ প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হয়। সেখানে প্রথম দিনেই পিংক বাস দুর্ঘটনার একটি ঘটনা পাওয়া যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে ‘প্রথম দিনেই নারীদের জন্য চালু হওয়া পিংক বাসে বলাকা বাসের ধাক্কা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, চালুর প্রথম দিনেই বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি পিংক বাস ক্ষতিগ্রস্ত হয়।

লিংক: এখানে

ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলামকে উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, বনানী পার হয়ে এমইএসের কাছে বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটিকে ডাম্পিংয়ে পাঠানো হয় এবং বাস কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে পিংক বাসকে হানিফ পরিবহনের বাস ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছে, এমন কোনো তথ্য ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।

ছবির আসল উৎস

প্রচারিত ছবিটির দৃশ্য যাচাই করতে রিভার্স ইমেজ সার্চে এবং দুর্ঘটনার প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধান করা হয়। এতে চলতি বছরের ১৬ মার্চ প্রকাশিত ‘বরিশাল-কুয়াকাটা মহাসড়কে খাদে পড়ল বাস, আহত একাধিক’ ধরনের শিরোনামের একাধিক প্রতিবেদন পাওয়া যায়।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ১৬ মার্চ ভোরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ওই প্রতিবেদনগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, সড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং পাশের খাদে একটি বাস পড়ে রয়েছে। ঘটনাস্থলের চারপাশে বেশ কয়েকজন মানুষকেও দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘পিংক বাসকে’ হানিফ বাসের ধাক্কার ছবিটির সঙ্গে ওই ছবির দৃশ্যের উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। মূল ছবিতে খাদে পড়ে থাকা ‘ইসলাম পরিবহন’-এর জায়গায় ‘মহিলা বাস’ লেখা গোলাপি রঙের বাস বসানো হয়েছে। একইভাবে সড়কে থাকা ট্রাকের জায়গায় দেখা যাচ্ছে ‘হানিফ’ লেখা একটি বাস।

অর্থাৎ পুরোনো একটি বাস দুর্ঘটনার ছবির দৃশ্য পরিবর্তন করে সেখানে পিংক বাস ও হানিফ পরিবহনের বাস যুক্ত করা হয়েছে। প্রচারিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী বিভিন্ন টুলে বিশ্লেষণ করেও ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার বেশি সম্ভাবনা পাওয়া যায়।