বাংলাদেশ

প্রক্টরের দায়িত্ব ছাড়লেন অধ্যাপক সাইফুদ্দীন, ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন

May 10, 2026
3 months ago
By SAJ
প্রক্টরের দায়িত্ব ছাড়লেন অধ্যাপক সাইফুদ্দীন, ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন

অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে সরে দাঁড়ানোর পর চারুকলার সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে (ইসরাফিল রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চারুকলার গ্রাফিক ডিজাইনের শিক্ষক ইসরাফিল রতন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে এই পদে নিয়োগের তথ্য জানানো হয়েছে। এর আগে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পান অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। সহযোগী অধ্যাপক ইসরাফিল রতনও এরপর সহকারী প্রক্টর হন।

এখন অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ প্রক্টরের দায়িত্ব ছাড়ায় তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেলেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের চারুকলা অনুষদের আহ্বায়ক ইসরাফিল রতন।